মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মাইলস্টোন দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তাই এই শিক্ষিকার নামে একটি অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয়। যা শিক্ষকদের দেয়া হবে।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।





