রংপুর-১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার আসনে মনোনয়ন ফরম কিনেছেন সবুজ প্রামাণিক নামে এক পান দোকানদার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ব্যানারে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
মনোনয়ন ফরম কেনার বিষয়ে সবুজ প্রামাণিক বলেন, তার অনেক দিনের স্বপ্ন নির্বাচন করার। নরেন্দ্র মোদী যদি চা বিক্রি করে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, বারাক ওবামা যদি পত্রিকা বিক্রি করে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে তিনিও পান বিক্রেতা হয়ে সংসদ সদস্য হতে পারবেন।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে খিলিপান ব্যবসায়ী সাকলাইন সবুজ প্রামাণিক। মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই ব্যানার ফেস্টুন দিয়ে প্রচার-প্রচারণার কাজও শুরু করে দিয়েছেন।
স্থানীয়রা বলছেন, পান বিক্রেতা হলেও সবুজ একজন সৎ ও পরিশ্রমী। তিনি মনোনয়ন পেলে তাকে প্রার্থী হিসেবে অনেকেই বেঁচে নেবেন।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহাসচিব শাহ জামাল আমিরুল জানান, গণমুক্তি জোট রংপুর-১ আসনে সাকলাইন সবুজ প্রামাণিককে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। সবুজ দীর্ঘদিন ধরে গণমুক্তি জোটের রংপুর বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন। তাই সর্বসম্মতিক্রমে প্রার্থী হিসেবে সাকলাইন সবুজকে এ আসনে চূড়ান্ত করা হয়েছে।
রংপুর-১ আসনটি গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।





