Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

admin • 10 May 2026, 03:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এতে তার একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

শনিবার (০৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ভ্যাট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্যাট, এক্সাইজ ও কাস্টমস বিভাগের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখতে যান। দোকানের মালিক হাবিবুর রহমানের কাছে তিনি প্রয়োজনীয় নথি প্রদর্শনের অনুরোধ করেন।

 

এ সময় সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় দোকান মালিক তাকে ভুয়া কর্মকর্তা বলে সন্দেহ করেন। অভিযোগ অনুযায়ী, পরে লোকজন জড়ো করে ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে তার একটি হাত ভেঙে যায়।

 

ঘটনার সময় বাঞ্ছারামপুর সদর গ্রামের মো. সবুজ মিয়া আহত কর্মকর্তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি হাত ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে বিভাগীয়ভাবে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

 

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।