Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিমানবন্দরে বাংলাদেশির সঙ্গে বদলে গেল দুবাইয়ের ব্যবসায়ীর হীরাভর্তি ব্যাগ

admin • 29 Jul 2025, 10:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিমানবন্দরে বাংলাদেশির সঙ্গে বদলে গেল দুবাইয়ের ব্যবসায়ীর হীরাভর্তি ব্যাগ

দুবাই বিমানবন্দর দিয়ে চারটি ব্যাগে করে কয়েক কোটি টাকার হীরা নিয়ে অন্য একটি যাচ্ছিলেন সেখানকার এক ব্যবসায়ী। তবে সেখানে পৌঁছে দেখেন তিনটি ব্যাগ ঠিক থাকলেও একটি ব্যাগ ঠিক নেই। একটি ব্যাগ বদলে গেছে এক বাংলাদেশির সঙ্গে।

 

বিষয়টি টের পাওয়ার পর ওই ব্যবসায়ী দ্রুত দুবাই ফিরে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। ততক্ষণে ওই বাংলাদেশি তার নিজের ব্যাগ মনে করে হীরাভর্তি ব্যাগটি নিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তবে দুবাই পুলিশের তৎপরতা ও বাংলাদেশের সহায়তায় ওই ব্যবসায়ীকে হীরাসহ তার ব্যাগ ফেরত পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুবাই পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।

 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের ওই ব্যবসায়ী দেখতে পান তিনি যে ব্যাগটি নিয়ে এসেছেন সেটির ভেতর সাধারণ কাপড় রয়েছে।

 

তিনি বিষয়টি পুলিশকে জানানোর পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এরপর বিষয়টি জানানো হয় ঢাকাস্থ আমিরাতের দূতাবাস এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ব্যাগটি তার মালিককে ফেরত দেওয়া হয়।

 

দুবাই পুলিশ বলেছে, “আমিরাতের ব্যবসায়ী তার ব্যাগ বিমানবন্দরের স্ক্যানারে দেন। ওই সময় ভুলে তিনি তিনি অন্যজনের একটি ব্যাগ নেন। যে ব্যক্তি বাংলাদেশে যাচ্ছিলেন তার ব্যাগের সঙ্গে ব্যবসায়ীর ব্যাগের অনেক মিল ছিল। এ কারণে এমন ভুল হয়েছে।”

 

তারা আরও বলেছে, “আমিরাতের ব্যবসায়ী যখন ব্যাগটি খোলেন, তিনি দেখতে পান ভেতরে শুধুমাত্র কিছু কাপড় রয়েছে। তিনি দ্রুত দুবাই ফিরে আসেন এবং একটি মামলা করেন। বাংলাদেশি ওই ব্যক্তি নিজের ব্যাগ মনে করে ব্যবসায়ীর ব্যাগ নিয়ে যান। কারণ দুটি ব্যাগের মধ্যে অনেক মিল ছিল।”

 

নিজের প্রায় তিন কোটি টাকা মূল্যের হীরা উদ্ধার করে দেওয়ায় দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যবসায়ী।

বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতাকেও দুবাই পুলিশ সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে, এ ধরনের আন্তঃদেশীয় সহযোগিতা অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিক, প্রবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা ও আনন্দ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে — যা দুবাই পুলিশের কৌশলগত লক্ষ্যের অংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।