Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ পাঁচজন

admin • 27 Jan 2026, 07:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ পাঁচজন

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির নেতাসহ পাঁচজন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগকালে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

 

এ সময় ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. সফিউল আলম (সুফি)। সদ্য জামায়াতে যোগদানকারীরা হলেন— ঝলইশালশিরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল, বিএনপি কর্মী মো. আদিকুল ইসলাম ও মো. ময়জুল ইসলাম, একই ওয়ার্ডের তাঁতি দলের সভাপতি মো. মকছেদুল।

জামায়াতে যোগদানের বিষয়ে ঝলইশালশিরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। তাদের কার্যক্রম আমার কাছে ভালো লাগে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল জামায়াতে যোগ দেওয়ার। তাই আজ ফরম পূরণ করে জামায়াতে যোগ দিয়েছি।

 

এ বিষয়ে বোদা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান বলেন, ঝলইশালশিরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলামকে ৮ থেকে ১০ দিন আগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে বাকিদের বিষয়ে সঠিকভাবে জানি না।

 

জামায়াতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুল ইসলাম বলেন, আজ দুপুরে ঝলইশালশিরি ইউনিয়নে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল আলম সুফির নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপির পাঁচজন নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।