Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাবার হাত-পায়ের রগ কাটার অভিযোগ ছেলের বিরুদ্ধে

admin • 29 Jul 2025, 11:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাবার হাত-পায়ের রগ কাটার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বাড়ির দখল নিতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে মারধর ও হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।সোমবার (২৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত মাসুক মিয়া আহত ধন মিয়ার প্রথম স্ত্রীর ঘরের সেঝো।

 

চিকিৎসকরা জানিয়েছেন, ধন মিয়ার দুই হাত ও বাম পায়ের রগ কেটে গেছে। বুকে গুরুতর জখম হয়েছে। আহত অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ধন মিয়াকে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, ধন মিয়ার সাত ছেলে। প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ও দ্বিতীয় স্ত্রীর দু’জন। প্রত্যেককে তিনি বাড়ি করে দিয়েছেন। আলাদা বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করেন ধন মিয়া। এটি দখলের পায়তারা করছিলেন মাসুক।

 

ধন মিয়া সাংবাদিকদের বলেন, “আমি কাউরে বঞ্চিত করিনি। প্রত্যেককে বাড়ি করে দিয়েছি। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যে বাড়ি থাকি, মাসুক সেটির অর্ধেক দখল করে নিয়েছে। বাড়ি থেকে আমাদের তাড়ানোর জন্য সে চাপ দিচ্ছিল। সোমবার সকালে এ নিয়ে কথা কাটাকাটিও হয়।”

 

তিনি বলেন, “বাড়ি সংলগ্ন মসজিদের সামনে বিকেলে একা পেয়ে মাসুক দা দিয়ে আমাকে কোপাতে থাকে। মাটিতে পড়ে গেলেও সে থামেনি। পরে আশেপাশের মানুষ ও অন্য ছেলেরা এলে সে পালিয়ে যায়।”

 

মাসুক মিয়া পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। তার ছোট ভাই কাউছার মিয়া বলেন, “আমার ভাই মাসুক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার নামে ডাকাতি, হত্যা চেষ্টাসহ হবিগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। তার ভয়ে আমিও বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করি।”

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।