বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের গুংগুরু পাড়ায় এবিসি ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমতি ছাড়া ইটভাটা স্থাপন ও চালু করার দায়ে এই জরিমানা করা হয়।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, ইট প্রস্তুত ও বনের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করার দায়ে এবিসি ব্রিকস -এর মালিক মো. ইসলাম কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেয় এবং তৈরিকৃত ইট বিনষ্ট করে।
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন চৌধুরী জানান, বেআইনিভাবে গড়া ওঠা প্রতিটি ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। আগামীতে এই ধরনের অভিযান চলমান থাকবে।
এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মচারী, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।





