Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাড়ি ফিরলেই বিয়ে, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

admin • 04 May 2024, 03:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাড়ি ফিরলেই বিয়ে, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

নাটোর জেলার সিংড়ায় তীব্র তাপপ্রবাহে জমিতে ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে আশিক ইসলাম (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া উপজেলার খড়খড়ি গ্রাম এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে আশিক ইসলামকে দাফন করা হয়েছে। মৃত আশিক রাজশাহীর বাঘা উপজেলার বলরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

আশিক ইসলামের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী শ্রমিক রেজাউল করিম বলেন, গতকাল সকাল থেকে সিংড়া উপজেলার খড়খড়ি গ্রাম এলাকার ধানের মাঠে আশিকসহ আমরা ১৪ জন শ্রমিক ধান কাটছিলাম। ধান কাটা শেষে মাড়াইয়ের জন্য দুপুরের পর থেকে ধানের বোঝা জমি থেকে বহন করে মালিকের বাসায় নিচ্ছিলাম। বিকেল সাড়ে ৫টার দিকে আশিক প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে ধানের বোঝা নিয়ে মাটিতে পড়ে সেখানেই মারা যায়।

আশিকের বাবা আশরাফ আলী বলেন, ধান কেটে বাড়ি আসলে ছেলের বিয়ে দেব বলে কনে দেখা হয়েছে। উভয় পরিবার বসে দিন ঠিক করে বিয়ে সম্পূর্ণ করা হবে। কিন্তু ছেলের ভাগ্যে আর বিয়ে হলো না।

এ বিষয়ে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম জানান, তীব্র তাপদাহে হিটস্ট্রোকে আশিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।