মানিকগঞ্জের সিংগাইরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে কনিকা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত কনিকা সায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক গ্রামের জমির আলীর কন্যা।
শুক্রবার দুপুরে বাবার বাড়িতে আত্মহত্যা করেন কনিকা আক্তার।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কুমল্লী গ্রামের হারুনের ছেলে হাবিবের সঙ্গে কনিকার বিয়ে হয়। তারা দু’জনে একে অপরকে ভালোবেসে বিয়ে করায় ছেলের বাড়ি থেকে কনিকাকে মেনে নেয়নি। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও ছেলের পরিবারের কেউ গুরুত্ব দেয়নি। কনিকা তার বাবার বাড়িতেই থাকতেন।
কনিকার বাবা জমির আলী জানান, শুক্রবার দুপুরে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিল কনিকা। কথা বলার একপর্যায়ে হঠাৎ করে তার ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার এসআই মো. বেলাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





