বান্দরবান সদর থানাধীন তালুকদার পাড়া এলাকা থেকে ১৬ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ এর কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি প্রাইভেটকার যোগে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলসহ বান্দরবান জেলার সদর থানাধীন সুয়ালক বাজার থেকে বান্দরবান বাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর ২০২৩ তারিখ অনুমান ১১.৩০ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পে একটি চৌকস আভিযানিক দল মেঘলা পর্যটন এলাকার তালুকদারপাড়া বাজার এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার দ্রুত গতিতে চেকপোষ্ট অতিক্রমের একপর্যায়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব এবং অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি উক্ত প্রাইভেটকারে মাদক মজুদ রয়েছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত আটককৃত ব্যক্তির দেহ ও গাড়ি তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ১৬ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত উক্ত টয়োটা প্রাইভেটকারটি (রেজিঃ নং ঢাকা মেট্রো-গ-১২-৯০৩২) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় মোঃ ওমর ফারুক (২১) পিতা-মোহাম্মদ আলী, মাতা-বিবি হাজরা, সাং-চর সাহাভিকারী, থানা-সোনাগাজী, জেলা-ফেনী বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী বেশ কিছু দিন ধরে পলাতক অজ্ঞাত আসামীদের পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা করে আসছে। চক্রটি মাদক চোরাই পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত অভিনব কায়দায় অবলম্বন করে মাদক পরিবহনের কাজে প্রাইভেটকার ব্যবহার করতঃ বান্দরবান ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।





