পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
তিনজনের বিরুদ্ধে আনা রিটের শুনানি শেষে সোমবার (৩ জুন) বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মুহম্মদ মাহাবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত স্থগিতের আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনে। হাইকোর্টের এই আদেশের ফলে এই তিনজন এখন আগামী ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ তিনজন হলেন- চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী পারভীন।
গত ৩১ মে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল ইসি। একই সঙ্গে ওই তিন প্রার্থীকেও হাজির হতে বলে ইসি।
ইসির চিঠিতে বলা হয়েছিল, রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ঘাটে এবং চালতাবুনিয়া ইউনিয়নের চালতাবুনিয়া বাজারে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় প্রতিমন্ত্রী প্রকাশ্যে ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালার লঙ্ঘন।





