রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসৃত গ্রুপ) এক সদস্য নিহত হয়েছে। শনিবার (৯ মে) সকালে সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। তিনি ইউপিডিএফ প্রসৃত গ্রুপ কালেক্টর (শুকনাছড়ি এলাকার কালেক্টর) নামে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা। হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর সাজেক উজো বাজার এলাকায় বিক্ষোভ করেছে ইউপিডিএফের তিন সংগঠন। দ্রুত খুনিদের বিচারে দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। এছাড়া ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে ১১ মে দিঘীনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে ইউপিডিএফ প্রসৃত গ্রুপের মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, সশস্ত্র সন্ত্রাসী জ্যাকসন চাকমার নেতৃত্বে চার-পাঁচ জনের একটি গ্রুপ শুকনাছড়ি এলাকায় হামলা চালায়। এ সময় তারা আমাদের কর্মী হেগেরা চাকমাকে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ জেনেছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে।





