জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা কাওয়ামারা এলাকার শাহজাহান মিয়ার ছেলে চার সন্তানের জনক বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার চা বিক্রেতা আজিজ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। শুক্রবার রাতে বাবুল মিয়া গোপনে তার পরকীয়া প্রেমিকার বাড়িতে দেখা করতে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদেরকে ঘিরে ফেলেন এবং হাতেনাতে আটক করেন। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের ভিড় জমে যায়।
খবর পেয়ে দ্রুত তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক বাবুল মিয়াকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বাবুল মিয়া থানা হেফাজতে রয়েছেন।





