জামালপুর সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে খড়কুটোর ওপর একটি পাতলা কম্বল নিয়ে অবস্থান করছেন এক নারী। আর দুই প্রান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ এর কঠোর অবস্থান করছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএএফ। তবে বিজিবির বাধায় গত ৫ দিন ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে না পেরে ওই নারী শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে ওই নারীকে পুশ ইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করেন। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত তৎপর থাকবে বিজিবি।
বিজিবি ও স্থানীয়রা জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
এ সময় বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী শূন্যরেখায় অবস্থান নেন। এরপর থেকে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে সেখানে থাকছেন তিনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না ওই নারী।
এই ঘটনার সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হলেও সমাধান মেলেনি। ফলে শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন বলে জানা গেছে। পাথরের চর এলাকার বাসিন্দা আবদুল কাদের বলেন, “চার দিন থেকে এক নারী দুই দেশের মধ্যে আছে। কেউ নেয় না। দেখে পাগলির মত মনে হয়।”
বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখায় ৫ দিন ধরে অবস্থান করলেও ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের- এ নিয়ে বিজিবি এবং বিএসএফ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। কিন্তু কোনো পক্ষই ওই নারীকে নিজ ভূখণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না।





