Saturday, 14 November 2026
শিরোনাম
সারা দেশ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩, আহত ৫

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩, আহত ৫

পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ধাক্কা দিয়েছে দ্রুতগতির একটি ট্রাক। এতে সাংবাদিকের স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মাহমুদা খানম (৩৫), তাঁর সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং প্রমিলা রানী (৩০)। মাহমুদা খানম অনলাইন নিউজ পোর্টাল ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী। তিনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রমিলা রানী দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থ্রি-হুইলারটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন। 

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মাহমুদা ও তাঁর মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁদের মৃত্যু হয়। একই রাতে ঠাকুরগাঁও হাসপাতালে মারা যান প্রমিলা রানী।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পরে ট্রাক মালিক সমিতিকে জানানো হলে তারা ট্রাকটি নিজেদের জিম্মায় নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।