শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীর থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে হাত-পা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা জোয়ারের পানিতে ভেসে আসা একটি সাদা রঙের পলিব্যাগ দেখতে পান। পলিব্যাগটি নদীর পাড়ের একটি ব্লকের সঙ্গে আটকে ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে পলিব্যাগের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির দুটি হাত (কনুই পর্যন্ত) এবং দুটি পা (হাঁটু পর্যন্ত) পাওয়া যায়। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে কিছুদিন আগে এগুলো পানিতে ফেলা হয়েছিল।
স্থানীয়রা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে এমনভাবে মরদেহ খণ্ডিত করা হয়েছে, তা জানতে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল জলিল জানান, পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) ফরিদপুর টিমকে অবহিত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। উদ্ধারকৃত অঙ্গগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।





