Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নির্বাচনী কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার, চেয়ারম্যানের অর্থদণ্ড

admin • 04 Dec 2023, 10:26 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নির্বাচনী কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার, চেয়ারম্যানের অর্থদণ্ড

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

 

রোববার (৩ ডিসেম্বর) রাতে দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজীকে অর্থদণ্ড দেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসন থেকে তৃণমূল পর্যায়ে মানুষের সেবা নিশ্চিতের জন্য সরকারিভাবে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। এটি শুধু রোগীদের সেবার জন্য ব্যবহার করা হবে। কিন্তু রোববার সন্ধ্যায় চেয়ারম্যান মিন্টু ফরায়েজী ওই অ্যাম্বুলেন্সযোগে লোকজন নিয়ে জেলা শহরে সংসদ সদস্য প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসায় যান। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

 

এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৩ সপ্তাহ পূর্বে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণার কাজ করেও তিনি বিধি লঙ্ঘন করেছেন। এ ঘটনায় তাকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১৪ এর ২’ লঙ্ঘনের দায়ে বিধি ১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী বলেন, আমি একটু অসুস্থ। এরপরও দুইজন মেম্বারকে (ইউপি সদস্য) নিয়ে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সে করে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে লক্ষ্মীপুর গিয়েছি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের কথা জানান। আমি সোমবার (৪ ডিসেম্বর) সকালে দেখা করবো বলেছি।

   

ইউএনও অনজন দাশ বলেন, ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স রোগীদের সেবার জন্য দেয়া হয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজী নির্বাচনী কাজে ব্যবহার করেছেন। ভোটের ৩ সপ্তাহ আগে প্রার্থীর পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ইউপি চেয়ারম্যানকে অর্থদণ্ড দেন বলেও জানান তিনি।

   

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় মতবিনিময় সভা করে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে আচরণবিধি লঙ্ঘন করেন রায়পুরের উত্তর চরআবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ সোহেল। একই দিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এবারও নৌকার প্রার্থী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।