দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় নার্সারিতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত শিশুটিকে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বৃদ্ধ ইনছান আলী (৬৫) পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার এসআই এরশাদ মিয়া জানান, বিরামপুর উপজেলার বিজুল মাগুরাপাড়া গ্রামের মৃত রিয়াদ আলীর ছেলে ইনছান আলী (৬৫) রোববার বেলা ১১টার দিকে পৌর এলাকার মির্জাপুরে পারভেজ নার্সারিতে এক শিশুকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে অভিযুক্ত বৃদ্ধ ইনছান পালিয়ে যায়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুল ইসলাম শিশুটির অবস্থা গুরুতর দেখে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার আরও জানান, ঘটনার ব্যাপারে শিশুটির মা অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে।





