Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ; আহত ৪

admin • 22 May 2024, 11:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ; আহত ৪

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় গ্রুপের চারজন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বুধবার (২২ মে) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাহার বাজার ও নূরুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। একই ঘটনাকে কেন্দ্র করে পৃথক স্থানে চারজন আহত হন। দ্বিতীয় ধাপে সদ্য অনুষ্ঠিত হওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল। পরে কেন্দ্রে সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সোনাহার ইউনিয়নে একটি পক্ষ রহিমুল ইসলাম বুলবুলের পক্ষে নির্বাচনের প্রচার-প্রচারণায় সরব হন। অন্য পক্ষটি কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ভোট বর্জন করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হাফেজ জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে তিনি বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটার উদ্দেশ্যে নূরুর বাজার এলাকায় আসেন। কেনাকাটা শেষে দোকান ত্যাগের আগমুহূর্তে জাহাঙ্গীরকে অতর্কিতভাবে মারধর করে বুলবুল ও শাহেদ। জাহাঙ্গীর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সভাপতি হওয়ায় ফেসবুকে ভোট বর্জন সংক্রান্ত বিভিন্ন পোস্ট করেন। তার দাবি, এই কারণে বুলবুল তার উপর ক্ষিপ্ত ছিলেন। জাহাঙ্গীরকে মটরসাইকেলের চেন দিয়ে আঘাত করা হয়।

আবু তৈয়ব ও সাজু প্রধান নামে অপর দুই আহত ব্যক্তিও একই অভিযোগ করেন। আবু তৈয়বকে বুলবুলের ছোট ভাই টুটুল মারধর করলেও সাজু প্রধানকে পেছন থেকে ঘাড়ে ও মাথায় আঘাত করায় তিনি কাউকে সনাক্ত করতে পারেননি। দুইজনই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত ছিলেন। তবে পরে সাজু প্রধানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এইদিকে চেয়ারম্যানের ভাই টুটুল অভিযোগ করেন, নূরুর বাজারে আমার ভাইকে আটকে রাখা হয়েছে এমন খবরে আমি সেখানে যাই। সেখানে সোবাহান নামে এক ব্যক্তির দোকানে প্রবেশ করলে জাহাঙ্গীরের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধারালো কোন কিছু দিয়ে টুটুলকে আঘাত করতে গেলে টুটুল তা প্রতিহত করে। এই সময় তার বাম হাতের আঙ্গুলে চোট লাগে।

টুটুল আরো বলেন, সদ্য নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে জয়ী হতে না পারায় আমাদের এমনিতেই মন খারাপ। এর উপর বিএনপি'র কিছু মানুষ আমাদের নিয়ে উপহাস করছে। তার উপর দশ ইউনিয়নে ভোটের আগে আমাদের যারা প্রচারণায় অংশ নিয়েছিনেন তাদেরও ভুলভাল বুঝানো হয়েছিল।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "টুটুল নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।