ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিচার্স কোয়ার্টারের একটি বাসায় ফাতেমা মিম (১৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে অচেতন অবস্থায় ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহকর্ত্রী ডা. ইসরাত জাহান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইশাখা রোডের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় থাকেন। প্রায় দেড় বছর যাবৎ তার বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল ফাতেমা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে তার বাবা-মা দুজনই আলাদা থাকেন।
তিনি বলেন, আজ ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাসার একটি রুমের ভেতর ফাতেমাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরবর্তীতে তিনি ও তার স্বামী ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. ইসরাত জাহানের দাবি, একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল ফাতেমার। তার সাথে নিয়মিত কথা বলতো এবং মাঝেমধ্যেই ছেলেটি তাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। সেই সম্পর্কের অবনতির কারণে হয়তো মিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, প্রাথমিকভাবে জানা গেছে কোনো একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার বাবা-মায়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।





