ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাগানের পকেট গেট থেকে জাল নোটসহ শাকিল মিয়া (২২) নামে এক যুবক আটক হয়েছেন। রবিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা হয়। শাকিল মাগুরার মোহাম্মদপুর থানার কাউরা গ্রামের ফিরোজ আলমের ছেলে। তিনি বর্তমানে শনির আখড়ায় থাকেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার(পিসি) মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্ত ওই যুবক ঘটনাস্থলে ফারিজ নামে এক রোগীর স্বজনকে ১০০০ টাকার একটি নোট দিয়ে ভাংতি চান। তখন ওই নোটটি হাতে নিয়ে ফারিজ বুঝতে পারেন এটি একটি জাল নোট।
এর কিছুক্ষণ আগে একই কায়দায় নূর হোসেন নামে আরেকজন ব্যক্তির কাছে একটি ১০০০ টাকার নোট ভাংতি চাইলে তিনি ভাংতি দেন। পরে তিনি বুঝতে পারেন নোটটি জাল।’
এই আনসার কর্মকর্তা বলেন, ‘পকেট গেটে অভিযুক্ত শাকিলকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে। পরে আমরা তাকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপার্দ করি।’
হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারি উপপরিদর্শক (এএসআই) মাসুদ জানান, ‘আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।’





