গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শনিবার সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, তারা সকালে কাজে যোগ দেন। পরবর্তীতে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন।
কয়েকদিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করেন।
একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।





