Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার খাদে, চালকসহ আহত ৪

admin • 27 Jan 2026, 08:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার খাদে, চালকসহ আহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার খাদে পড়ে চারজন আহত হয়েছেন। স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নওপাড়া রেলক্রসিংয়ে ঢাকা থেকে খুলনাগামী নকশী কাঁথা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ঢাকার সিটি ব্যাংক শ্যামলী শাখার কর্মকর্তা সঞ্জীব ঘোষ, ঢাকার ব্যবসায়ী মেহেদী ও আল আমিন, ভাঙ্গার ব্যবসায়ী আলম মিয়া এবং প্রাইভেট কার চালক রুবেল হোসেন।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার স্বপন সরকার বলেন, ঢাকা থেকে খুলনাগামী নকশী কাঁথা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি রেল পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাফুর আহমেদ জানান, ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয়দের অভিযোগ, নওপাড়া রেলক্রসিংটি ঝুঁকিপূর্ণ হলেও এখানে এখনো স্থায়ী রেলগেট বা গেটম্যান নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।