পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলের জালে আটকে পড়েছে একটি ঘড়িয়াল। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে জেলের জালে আটকা পড়ে ঘড়িয়ালটি।
ওই সময় জেলেরা এটিকে কুমির ভেবে জালের রশি দিয়ে বেঁধে ঘড়িয়ালটিকে বাউফলের দিঘিরপাড় লঞ্চ টার্মিনাল এলাকায় নিয়ে আসে।
ঘড়িয়াল বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণিগুলোর একটি। দীর্ঘদিন পর ঘড়িয়ালের দেখা পাওয়ার খবরে এদিন লঞ্চ টার্মিনাল এলাকায় প্রাণীটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।
বাউফল উপজেলার বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জেলের জালে ঘড়িয়ালের আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা একটি কুমির ভেবে বেঁধে রেখেছেন বলে খবর পেয়েছিলাম। তবে প্রাণীটি কুমির নয়, এটি মূলত ঘড়িয়াল।
তিনি জানান, ঘড়িয়াল মূলত শান্ত প্রাণী। এগুলো সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। প্রাণীটিকে প্রকৃতিতে অবমুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে।





