Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুর পৌরসভায় স্থায়ী চাকরি হলো প্রতিবন্ধী আকলিমার

admin • 31 Oct 2023, 09:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুর পৌরসভায় স্থায়ী চাকরি হলো প্রতিবন্ধী আকলিমার

জামালপুর পৌরসভায় সহকারী কর আদায়কারী পদে স্থায়ী চাকরি পেলেন শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তার। এর আগে তিনি পৌরসভায় কম্পিউটার অপারেটর পদে অস্থায়ীভাবে চাকরি করতেন।

 

মঙ্গলবার বিকালে পৌরভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আকলিমার হাতে চাকরির স্থায়ী নিয়োগপত্র তুলে দেন পৌর মেয়র। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

জামালপুর শহরের কম্পপুর গ্রামের আলতাফ হোসেনের কন্যা আকলিমা শারীরিক প্রতিবন্ধিত্বকে জয় করে উচ্চশিক্ষা গ্রহণ করলেও কোনো কাজ না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। ২০২১ সালের ১৭ মে হামাগুড়ি দিয়ে পৌরসভার দ্বিতীয়তলায় মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঙ্গে দেখা করেন।

 

তার দুঃখ-কষ্টের কথা শুনে মেয়র তখন অস্থায়ী ভিত্তিতে চাকরি প্রদান করেন। আশ্বাস দেন চাকরি স্থায়ী করার। গত ২৭ ফেব্রুয়ারি প্রতিবন্ধী আকলিমাকে অভিভাবকের দায়িত্ব নিয়ে একজন প্রকৌশলীর সঙ্গে নিজ খরচে বিয়ে দেন পৌর মেয়র।

   

চাকরি স্থায়ী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকলিমা।

 

এ সময় কান্নাজড়িত কণ্ঠে আকলিমা বলেন, একটা চাকরির জন্য অনেকের কাছে গিয়েছি। সংবাদের শিরোনাম হয়েছি। তবুও কেউ একটা চাকরির ব্যবস্থা করেনি। জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু আমার কথা শুনেই আমাকে অস্থায়ীভাবে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। আজ আমি আর আমার পরিবারের বোঝা নই।

 

পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, মানুষের পাশে থেকে আর্ত-মানবতার সেবায় কাজ করার প্রতিশ্রুতি নিয়েই মেয়র নির্বাচিত হয়েছি। প্রতিবন্ধীদের জন্য সরকার বিশেষ ভাতা চালু করেছে। আকলিমা তার নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।