Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে স্কুলছাত্র জিহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

admin • 11 Jan 2026, 06:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে স্কুলছাত্র জিহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

জামালপুরে স্কুলছাত্র জিহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী।

 
এ সময় জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ প্রতিবাদ জানানো হয়।  
রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নারিকেলী এলাকায় নারিকেলী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং গহেরপাড়া এলাকার সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন।  
প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যানবাহনসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।  
জানা যায়, গত বুধবার (৭ জানুয়ারি) রাতে জামালপুর সদর উপজেলার গহেরপাড়া মসজিদের পাশে স্কুলছাত্র জিহাদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত জিহাদ পশ্চিম গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।  
বিক্ষোভে বক্তারা বলেন, বুধবার সন্ধ্যায় নারিকেলী এলাকায় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি মাখা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জিহাদের সঙ্গে মুন্না ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুন্না ও তার সহযোগীরা জিহাদের পিঠে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় জিহাদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন নিহতের পরিবার থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।  
বিক্ষোভে অংশ নিয়ে জিহাদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুন্না সাইদ আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।  
নিহতের চাচাতো ভাই সাকিব বলেন, আমার ভাই কোনো অপরাধ করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা শুধু ন্যায়বিচার চাই। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।  

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।