জামালপুরের মেলান্দহে চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী। একসঙ্গে অবস্থানের সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে চলে যাওয়ার পর গা ঢাকা দেন প্রেমিক আলী হোসেন। এরপর তাঁর খোঁজ না পেয়ে বিয়ের স্বীকৃতি চেয়ে ওই নারী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
তাঁর অভিযোগ, বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাঁর কাছ থেকে নিয়মিত টাকা নিতেন প্রেমিক আলী হোসেন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে আলী হোসেনের কথায় গর্ভপাত করান বলেও দাবি করেছেন তিনি।
ওই নারীর দাবি, সর্বশেষ গত রোববার একসঙ্গে অবস্থানের পর মায়ের অসুস্থতার কথা বলে এবং প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা জানিয়ে সেখান থেকে চলে যান আলী হোসেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নের রূপসীহাঁটা গ্রামে আলী হোসেনের বাড়িতে অবস্থান করছেন ওই নারী। আলী হোসেন ওই গ্রামের সুরুজ্জামান শুটকুর ছেলে।
অনশন করা ওই নারীর নাম নুরজাহান। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকায়। বর্তমানে তিনি নানির বাড়ি টুপকার চরে থাকেন। এর আগে মাদারীপুরে তাঁর বিয়ে হয়েছিল। ওই সংসারে ১৩ ও ১২ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।
নুরজাহান বলেন, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে ২২ বছর বয়সী আলী হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে পোশাক কারখানায় কাজ করে উপার্জিত টাকা থেকে প্রতি মাসে আলী হোসেনকে তিন থেকে পাঁচ হাজার টাকা করে দিতেন তিনি। বিভিন্ন সময়ে আরও টাকা দিয়েছেন বলে জানান।
এছাড়া সম্পর্কের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে আলী হোসেনের পাঠানো টাকায় গর্ভপাতও করান তিনি।
নুরজাহানের অভিযোগ, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তাঁরা মেলান্দহের ডেফলা এলাকায় তাঁর এক ফুফাতো বোনের জামাইয়ের বাড়িতে স্বামী স্ত্রীর মতই একসঙ্গে ছিলেন। রোববার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ এলাকায় এলে আলী হোসেন তাঁর মায়ের অসুস্থতার কথা জানান। একপর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে সেখান থেকে চলে যান তিনি। এরপর দীর্ঘ সময় অপেক্ষা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি নুরজাহান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।
পরে আলী হোসেনের রেখে যাওয়া ব্যাগ নেওয়ার জন্য তাঁর সঙ্গে আবার যোগাযোগ হয় নুরজাহানের।
রাত ১০টা দিকে উপজেলার জিন্নাহ মার্কেটে ব্যাগ নিতে এলে আলী হোসেনকে দেখতে পেয়ে ডাক দেন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাঁদের মিটমাটের আশ্বাস দিয়ে কৌশলে আলী হোসেনকে সেখান সরিয়ে দেন।
এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেন নুরজাহান।
নুরজাহান বলেন, “সে সব কিছুই জেনেই আমার সাথে সম্পর্কে জড়িয়েছে চার বছর ধরে গার্মেন্টসে চাকরি করে নিজের উপার্জনের টাকা তাঁকে দিয়েছি। এখন আমি তাঁর স্ত্রীর মর্যাদা চাই। আমার মান-সম্মান সব শেষ হয়ে গেছে। আমি আলী হোসেনকে চাই, তাঁকে ছাড়া যাব না। আমি তাঁকে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত দিয়েছি।
এদিকে নুরজাহান আলী হোসেনের বাড়িতে অবস্থান নেওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। তবে খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে উৎসুক লোকজন ভিড় করেন।
স্থানীয় বাসিন্দা নূর ইসলাম মোজা বলেন, দুপুর থেকে ওই তরুণী বিয়ের দাবিতে অবস্থান করছেন। একটি ভুল শুধু এক পক্ষ থেকে হয় না, দোষ দুজনেরই থাকতে পারে। মেয়েটির অভিযোগগুলো সত্য হলে ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে আলী হোসেনের ব্যবহৃত (০১৮৪৬৫২৬***) নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাঁর পরিবারের সদস্যরাও বাড়িতে না থাকায় তাঁদের বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





