Thursday, 19 November 2026
শিরোনাম
জাতীয়

ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
ছবি সংগৃহিত

এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

 

 

মারধরের শিকার ওই প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও। লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিনি ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ইউনুস আলীর সন্তান ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। ফলে নিয়ম অনুযায়ী সে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানতে পারেন তার বাবা। এতে ক্ষুব্ধ হয়ে বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন এবং কোনো কথা না বলেই তাকে চড়থাপ্পড় মারতে শুরু করেন।

 

 

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক তার চেয়ারে বসে আছেন। হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী এবং কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে চড় দেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা দ্রুত এগিয়ে এসে তাকে নিবৃত্ত করেন। ভিডিওর একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী এবং নয়ন নামের আরও একজনকে কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

 

 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে।

 

 

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে এবং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।