জামালপুরের মাদারগঞ্জে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক সাবেক ছাত্রকে আটক করা হয়েছে। পরে ওই কিশোরকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘোরানো হয়েছে বলে জানা গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের পাটাহদ কয়ড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ওই স্কুলের শিক্ষা সফর উপলক্ষে বিদ্যালয় বন্ধের দিনেও ছাত্রছাত্রীরা মিলিত হয়। এমতাবস্থায় সকালে বোরকা পরিহিত এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের সন্দেহ হয়। তার আচরণ ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের খবর দেয়।
পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন, তিনি একজন কিশোর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া কিশোর গত বছর এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পরে সে অন্য একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কী উদ্দেশ্যে সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
এদিকে ঘটনার পর স্থানীয় কিছু উৎসুক জনতা ওই কিশোরকে আবার বোরকা পরিয়ে কয়ড়া বাজারসহ আশপাশের এলাকায় ঘোরায় বলে জানা গেছে। এতে এলাকায় উত্তেজনা ও আলোচনা তৈরি হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি জানার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে বাজারে ঘোরানোর বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





