Monday, 5 October 2026
শিরোনাম
জাতীয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষককে পাঁচ বছর কারাদণ্ড

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষককে পাঁচ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার মামলায় মো. গোলাম কবির নামে এক শিক্ষককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

সোমবার (৫ অক্টোবর) আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাইনুদ্দীন রায় ঘোষণা করেন।

 

 

দণ্ডপ্রাপ্ত গোলাম কবির উপজেলার ছত্রাজিতপুর-কাঠালিয়াপাড়া এলাকার মৃত তাজেবুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্য বিষয়কের শিক্ষক ছিলেন।

 

 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাইলে শিক্ষক গোলাম কবির তাকে ২৩ আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ে আসতে বলেন। কথামতো ছাত্রীটি বিদ্যালয়ে গেলে ওই শিক্ষক তাকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষে নিয়ে যান।

 

 

অফিস কক্ষের দরজা-জানালা বন্ধ করে কুপ্রস্তাব দেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অফিসের গ্লাস ভেঙে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মো. শাহজাহান আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বলেন, দীর্ঘ তদন্ত শেষে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আনাম ২০২২ সালের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক ওই শিক্ষককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

 

 

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম জানান, একজন শিক্ষকের কাছ থেকে এমন নৈতিকতাহীন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এই রায়ে আমরা সন্তুষ্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।