Monday, 5 October 2026
শিরোনাম
সারা দেশ খুলনা

কুষ্টিয়ায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে শিক্ষককে মারধর

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে শিক্ষককে মারধর
হামলার শিকার শিক্ষক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ছবি সংগৃহিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কলেজের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মো. মোখলেসুর রহমান নামে এক শিক্ষককে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করার খবর পাওয়া গেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার নওদা আজমপুর মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা আহত অবস্থায় শিক্ষক মোখলেসুর রহমানকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত মোখলেসুর রহমান নওদা আজমপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। তিনি আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মোখলেসুর রহমানের সঙ্গে মিজান নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। আদালতে মামলাও চলমান রয়েছে। সোমবার দুপুরে কলেজের ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নওদা আজমপুর মোড়ে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাকে ঘিরে ধরে। হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান।

 

 

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ইকবাল হাসান বলেন, আহত শিক্ষককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

মোখলেসুর রহমান জানান, জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় আদালতে মামলা চলছে। মিজান তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পূর্বশত্রুতার জেরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

 

 

অভিযুক্ত মিজানের ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

 

 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোখলেসুর রহমান নামে এক কলেজ শিক্ষককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে আগে থেকে জমি নিয়ে বিরোধ ছিল এবং এ নিয়ে মামলা চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।