চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাটকা ধরায় হাতেনাতে ১৫ জেলেকে আটক করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্টজাল ও দুটি কাঠের মাছ ধরার নৌকা।
আটক জেলেদের মধ্যে ১১ জনের প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড এবং চারজনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌবাহিনী মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরায় হাতে নাতে ১৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। কারা দণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার এম. শফিকুল ইসলাম, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, মোশারফ হোসেনসহ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।





