ঘরে সাপ ঢুকিয়ে মেয়ে ও স্ত্রীকে হত্যার দায়ে ভারতের ওড়িশার গঞ্জাম জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযুক্ত গণেশ পাত্রের (২৫) সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। এ দম্পতির ২০২০ সালে বিয়ে হয়।
পুলিশ জানায়, ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহারের নাম করে অভিযুক্ত ব্যক্তি একজন সাপুড়ের কাছ থেকে বিষাক্ত সাপটি ভাড়া করে। তিনি গত ৬ অক্টোবর একটি প্লাস্টিকের জারে করে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দেন। পরদিন গণেশের মেয়ে দেবস্মিতা (২) ও স্ত্রীর সাপে কাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় পাশের কক্ষেই ঘুমাচ্ছিলেন অভিযুক্ত গণেশ।
গঞ্জাম জেলার পুলিশ কর্মকর্তা জগমোহন মিনা বলেন, পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছিল। তবে পরে ভুক্তভোগীর পরিবার হত্যা মামলা দায়ের করে।
পুলিশ জানায়, অভিযুক্তকে ঘটনার এক মাস পর গ্রেপ্তার করা হয় কারণ তাঁর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে সময় লাগছিল।





