গুড়ার কাহালুতে শয়ন ঘরের বিছানায় বাটুল মিয়া (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। পচা দুর্গন্ধ বের হলে সোমবার দুপুরে পুলিশ উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।
কাহালু থানার ওসি মাহামুদ হাসান জানান, এলাকাবাসী ও স্বজনদের ধারণা ওই ব্যক্তি হৃদরোগে মারা গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাটুল মিয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের অপু মণ্ডলের ছেলে। তিনি গৃহ নির্মাণ মিস্ত্রি ছিলেন। তিনি প্রায় দুই বছর আগে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে এসে বাড়ি করেন। সেখানে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বগুড়া শহরের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তিনি শহরে সন্তানদের নিয়ে বসবাস করতেন। মাঝে মাঝে বাড়িতে আসতেন। এ কারণে বাটুল মিয়া বাড়িতে একাই থাকতেন।
গত শুক্রবার প্রতিবেশীদের সঙ্গে তার শেষ কথা হয়। সোমবার সকাল থেকে তার দরজা বন্ধ টিনের ঘর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। দরজায় ধাক্কা দিয়েও বাটুল মিয়ার সাড়া মেলেনি। খবর পেয়ে কাহালু থানা পুলিশ দুপুরে দরজা ভেঙে বিছানায় শায়িত তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
কাহালু থানার এসআই আনহার জানান, স্বজনদের ধারণা বাটুল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার অর্ধগলিত লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।





