গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-নসিমনের সংঘর্ষে রিজাউল ফকির (৩০) নামে নসিমনচালক নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার নিশাতলা-বলনারায়ন রোডের শিমুলতলায় এই দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আশরাফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিজাউল ফকির পার্শ্ববর্তী নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান, খান্দারপাড়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক আসা নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নসিমনচালক রিজাউল ফকির নিহত হন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।





