আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া -৪ আসনে বুধবার পর্যন্ত মনোনয়ন উত্তোলন করেছেন ৪ প্রার্থী। বিএনপির দুজন, ইসলামি আন্দোলনের একজন এবং জামায়াতে ইসলামীর একজন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন।
সোমবার কুমারখালী থেকে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিকের পক্ষে এবং জামায়াতে ইসলামীর আফজাল হোসেন বুধবার মনোনয়ন উত্তোলন করেন। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুষ্টিয়া থেকে এবং ইসলামি আন্দোলনের আনোয়ার খান খোকসা থেকে মনোনয়ন উত্তোলন করেছেন।
বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে দলীয়ভাবে মনোনয়ন দেবার পর থেকে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক ও শেখ সাদীর সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবীতে বিভিন্ন কর্মসূচি পালন করলেও বুধবার সৈয়দ মেহেদী আহমেদ রুমির মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও এ আসনে ইসলামি আন্দোলন ও জামায়াতে ইসলামী ঐক্যর মাধ্যমে একজন প্রার্থী দেওয়ার গুঞ্জন শোনা গেলেও দু -দল থেকেই মনোনয়ন উত্তোলন করেছেন প্রার্থীরা।
কুষ্টিয়া -৪ (কুমারখালী -খোকসা) আসনে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন। বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা প্রচারণায় পিছিয়ে পরেছেন। তবে অচিরেই বিএনপির মধ্যে আভ্যন্তরীণ কোন্দল নিরসন নাহলে বিএনপি কুষ্টিয়া -৪ আসন হারাবে বলে মন্তব্য করেছেন একাধিক ভোটার।





