আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম আনছার প্রামানিকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
আজ (২২ ডিসেম্বর) সোমবার বিকেলে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এর নিকট থেকে মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন আনছার প্রামানিকের ভাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মাখন প্রামাণিক। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই মাখন প্রামাণিক ও আনছার প্রামানিকের সমর্থকরা জানান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিকের পক্ষ থেকে কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের মনোনয়ন কিনেছেন।
ইতিমধ্যে বিএনপি কেন্দ্রীয়ভাবে যে সম্ভব্য প্রার্থী ঘোষনা করেছেন আমরা আশা করি এটা পরিবর্তন করে নুরুল ইসলাম আনছার প্রামানিককে মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন পরিবর্তন করা নাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি-না এমন প্রশ্নের জবাবে বলেন এখনো পর্যন্ত এ বিষয়ে কোন সিন্ধান্ত নেওয়া হয়নি।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক বলেন, আমার পক্ষে মনোনয়ন উত্তোলন করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে মনোনয়ন জমা দেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, এ পর্যন্ত একটি মনোনয়ন বিক্রি হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানান তিনি।





