কুষ্টিয়ায় ব্যস্ত সড়কে বাস ঘোরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃস্পতিবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় শ্রমিকদের ছোঁড়া পাথরের আঘাতে দীপঙ্কর নামের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, মজমপুর ট্রাফিক অফিসের সামনে গড়াই পরিবহনের একটি বাস ঘোরানোর চেষ্টা করছিল চালক। এ সময় ব্যস্ত সড়কে বাস ঘোরাতে নিষেধ করে ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে বাস মহাসড়কের ওপর রেখে চলে যায় ওই বাসের চালক। পরে পুলিশের পক্ষ থেকে একজন চালক বাসটিকে সড়কের মাঝ থেকে সরানোর চেষ্টা করলে বাধা দেয় শ্রমিকেরা।
এ সময় ওই পুলিশকে বাস থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়। শ্রমিকেরা রেলগেট আটকে সড়ক অবরোধ করে রাখে। এ সময় একটি কাভার্ডভ্যানে হামলা চালায় শ্রমিকেরা। তখন শুরু হয় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় শ্রমিকদের ছোঁড়া পাথরের আঘাতে এসআই দিপঙ্করসহ তিনজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ বলেন, ‘পুলিশের ওপর যারা পাথর ছুঁড়েছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হবে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’





