কুমিল্লা নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ও আ’লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বাড়ির নিচতলায় তার ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়া হয়। ঘটনার পরপরই এসব ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে রামঘাট এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান। এ সময় তারা গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে স্লোগান দেন। একপর্যায়ে কার্যালয়টির সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
অপর একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বাড়ির সামনে অবস্থান নেন। সেখানেও গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বাড়ির নিচতলায় বাহাউদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কার্যালয়ের সামনের অংশে কাগজ ও কাঠে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরের রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়েও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটের ঘটনা ঘটে। এরপর থেকে নৈশপ্রহরী ছাড়া ওই বাড়িতে পরিবারের কেউ থাকেন না।
এরপর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামঘাট এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং দক্ষিণ জেলা কার্যালয়ের প্রধান ফটকের সামনের ইটের গাঁথুনি ভেঙে ফেলা হয়। ওই দিন রাত একটার দিকে মুন্সেফবাড়িতে বাহাউদ্দিনের বাড়িতেও দ্বিতীয় দফায় হামলা, ভাঙচুর ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছিল।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।





