কুমিল্লার লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজেরা জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোয়ার গ্রামের আবদুল মালেকের স্ত্রী।
নিহতের ছেলে সানা উল্যাহ বলেন, ‘আমার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায়ই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যেতেন। আজও সকাল ১১টায় বাড়ি থেকে চলে যান। আমার ফুফুর বাড়ি জামমুড়ায়। সেখানে যাওয়ার পথে হয়তো রেলে কাটা পড়েছে। রেলওয়ে পুলিশকে মায়ের চিকিৎসার কাগজপত্র দেখিয়ে আমরা মরদেহ বাড়িতে নিয়ে এসেছি।’
লাকসাম জিআরপি থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় হরিশ্চর রেলগেইটের দক্ষিণ পাশ থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করেছি। সন্তানদের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ‘লালমাই উপজেলার হরিশ্চর রেলগেইটের ১০০ গজ দক্ষিণে উৎসবপদুয়া এলাকায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের কাটায় একজন নারীর মৃত্যু হয়েছে।’





