বাড়িতে বিয়ের গাড়ি আসতেই শুরু হয় অন্যরকম উৎসবের আমেজ। কেউ ব্যস্ত বর ও বরযাত্রী নিয়ে। কেউ গেছেন জুমআর নামাজ আদায় করতে। এরমধ্যে বিয়ে বাড়ি থেকে একজন বরযাত্রী ও একজন ভিডিও ম্যানের দুইটি ডিসকোভার -১২৫ মডেলের মোটরসাইকেল চুরি হয়ে যায়। এতে মুহূর্তেই বিয়েবাড়ির আনন্দ মলিন হয়ে যায়। শুরু হয় হট্টগোল।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় গত শুক্রবার দুপুরে এঘটনা ঘটে। আর সন্ধায় থানায় দুইটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার বেলা একটার দিকে চাঁদপুর ইউনিয়ন পরিষদের ভবন এলাকায় বিয়ের বরযাত্রী গিয়েছেল বাগুলাট ইউনিয়নের মো. আব্দুল মান্নান এবং বিয়ের ভিডিও ধারণের জন্য গিয়েছিলেন কুষ্টিয়া সদর থানার মো. ইসমাইল হোসেন। সেসময় তারা বিয়ে বাড়িতে মোটরসাইকেল রেখে জুমআর নামাজ পড়তে গিয়েছিল। পরে ফিরে এসে তাঁরা দেখেন তাঁদের গাড়ি নেই।
এবিষয়ে আব্দুল মান্নান জানান, বিয়ে বাড়ির লোকদের দেখানো স্থানে তিনি মোটরসাইকেল রেখে নামাজে গিয়েছিলেন। পরে এসে দেখেন তাঁর গাড়ি নেই। তিনি থানায় জিডি করেছেন।
ভিডিও ম্যান ইসমাইল জানান, বিয়ে বাড়ি থেকে আধাঘণ্টার মধ্যে দুই মোটরসাইকেল চুরি হয়েছে। খুব দুঃখজনক ঘটনা।
থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, থানায় জিডি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





