Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে নিষেধাজ্ঞায় বিএনপির দু'গ্রুপের সমাবেশ পণ্ড

admin • 04 Nov 2024, 09:08 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নিষেধাজ্ঞায় বিএনপির দু'গ্রুপের সমাবেশ পণ্ড

কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনালে গতকাল রোববার সকাল ১০টায় বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছিল। প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞায় এই সভা পণ্ড হয়ে যায়। 

তবে একটি পক্ষ স্থান পরিবর্তন করে বাস টার্মিনাল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পথসভা করেছে। এ সময় প্রতিপক্ষ ভেবে পথসভায় অংশ নেওয়া কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

দলীয় নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১০টায় পৌর বাস টার্মিনালে আলোচনা সভার আয়োজন করেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীর সমর্থকরা। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদীর। তবে সাদীর দলীয় কোনো পদ নেই। তাঁর সমর্থকরা প্রচারণা চালানোর পাশাপাশি মঞ্চ তৈরির কাজ শুরু করেছিলেন।

একই স্থানে একই সময়ে ঐক্য ও শান্তি সমাবেশের ডাক দেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি মেহেদী রুমীর সমর্থকরা। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ-সম্পাদক আব্দুস সামাদ খানের। তারাও চিঠি ছাপিয়ে মাইকিং করে প্রচারণা করছিলেন।

 

হলবাজার, রেলস্টেশন, শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নেতাকর্মীরা অবস্থান করছেন। বাস টার্মিনাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মঞ্চ তৈরির সরঞ্জামাদি।

 

সমাবেশ না করলেও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর অনুসারীরা শহরতলির শহীদ গোলাম কিবরিয়া সেতুর দক্ষিণ পাশে পথসভা করেন। সেখানে একটি মোটরসাইকেল শোভাযাত্রা পৌঁছালে প্রতিপক্ষ ভেবে নিজেদের মধ্যে লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

 

সাবেক এমপি মেহেদী রুমীর সমর্থক ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আসাদ বলেন, শহরে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় অনুষ্ঠানের স্থান ও ধরন পরিবর্তন করে সেতু এলাকায় পথসভা করা হয়েছে। এতে বিভিন্ন এলাকার দু-তিন হাজার নেতাকর্মী উপস্থিত হন।

 

সব প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রশাসনের হস্তক্ষেপে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে জানিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাদী গ্রুপের সমর্থক মো. লুৎফর রহমান বলেন, প্রতিপক্ষের লোকজন নানাভাবে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে।

 

বিএনপির একাধিক নেতাকর্মীর ভাষ্য, কে পাবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে দলীয় মনোনয়ন, এ নিয়ে বিভক্ত বিএনপির নেতাকর্মীরা। রোববারের সমাবেশ বন্ধ হওয়া নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটতে পারে সংঘর্ষ।

শহরে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম।

ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, সে জন্য সংঘর্ষ এড়াতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাবেশে মৌখিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পৌর এলাকায় কোনো সমাবেশ হয়নি রোববার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।