কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের মেধা ও দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগানো জরুরি। তিনি বলেন, কেবল কাগুজে পরিকল্পনা দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, তরুণদের বাস্তবসম্মত পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণই হবে টেকসই পরিবর্তনের মূল ভিত্তি।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের চিন্তা ও নেতৃত্ব ছাড়া গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের লক্ষ্য অর্জন করা যাবে না। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বক্তব্যে উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আশাবাদী মনোভাব প্রকাশ পায়।
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে অনুষ্ঠিত জেন–জি কার্নিভালে কয়েক হাজার তরুণ, শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Student Association of Mirpur-এর আয়োজনে অনুষ্ঠিত এই কার্নিভালটি ছিল তরুণদের ভাবনা, স্বপ্ন ও আগামীর বাংলাদেশ নিয়ে মতামত প্রকাশের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। কার্নিভালে অংশগ্রহণকারী তরুণরা শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়বিচার, সুশাসন ও রাজনৈতিক সংস্কারসহ নানা বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, জনসংখ্যার একটি বড় অংশ তরুণ হওয়ায় রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন পরিকল্পনায় তাদের মতামত গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা জরুরি।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, তরুণদের কণ্ঠকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়। জেন–জি কার্নিভাল ঘিরে মিরপুর শহরে প্রাণচাঞ্চল্য দেখা যায় এবং তরুণদের মধ্যে আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী আলোচনা লক্ষ্য করা যায়।
জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বীর সভাপতিত্বে ও সদস সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, জাহিন বিশ্বাস এশা প্রমুখ।





