সৌদি আরবে বেসরকারি খাতের কর্মীরা একই সময়ে দুই চাকরি করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রম কর্তৃপক্ষ। সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় বলেছে, ‘বেসরকারি খাতের কর্মীদের দুটি চাকরি একসঙ্গে করার অনুমতি দেওয়া হয়েছে।’
রবিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যম গাল্ফ নিউজ ও আরব টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির মন্ত্রণালয় আরো বলেছে, ‘কর্মীর কর্মসংস্থান চুক্তিসহ বেসরকারি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর নীতিমালায় বিষয়টি যুক্ত করা হচ্ছে কিনা তা যাচাই করা হবে।
’ আগে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তার আর থাকবে না বলেও জানানো হয়েছে।
সম্প্রতি চাকরির বাজার নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। পরিকল্পনাটি চুক্তিভিত্তিক সম্পর্কের পক্ষের অধিকার সংরক্ষণ, কর্মচারীর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য একটি স্থিতিশীল শ্রম পরিবেশ প্রদান এবং চাকরির বাজার বৃদ্ধির জন্য নকশা করা হয়েছে। বেসরকারি খাতের পৃষ্ঠপোষকতা বাড়াতে ব্যাপক সংস্কারও করা হচ্ছে।





