রাজশাহীতে আদালত চত্বরে অ্যাডভোকেট ইয়ামিন আলীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পালানোর সময় কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন উপস্থিত লোকজন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তার করা একটি মামলার অভিযুক্ত ব্যক্তিরা রোববার আদালতে হাজির হয়ে জামিন পান। পরে আদালত ভবন থেকে বের হওয়ার সময় একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। এ সময় মারধরে তার মাথা ফেটে যায়। প্রাণ বাঁচাতে দৌড়ে আদালতের পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি। পরে হামলাকারীরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন কয়েকজনকে আটক করেন। একপর্যায়ে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আহত আইনজীবী ইয়ামিন আলী অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এর আগেও তাকে মারধর করে বাম হাত ভেঙে দিয়েছিলেন। ওই ঘটনায় তিনি মামলা করেন। রোববার সেই মামলার অভিযুক্ত ব্যক্তিরা আদালত থেকে জামিন পাওয়ার পর তার ওপর হামলা চালান।
তিনি আরও জানান, আদালত ভবন থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা করা হয় বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এই আইনজীবী।
এ বিষয়ে রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, আদালত চত্বরে একজন আইনজীবীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় আইনজীবীদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এ ঘটনায় মামলা করবেন।
এ বিষয়ে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য এখনই জানানো সম্ভব হচ্ছে না।





