Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আচরণ বিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী জাকির সরকারকে জরিমানা

admin • 10 Feb 2026, 10:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আচরণ বিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী জাকির সরকারকে জরিমানা

আচরণ বিধি লঙ্ঘনের ১টি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন।

পরে প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী মো. আব্দুল মজিদ। জরিমানা পরিশোধের পর কারাদণ্ড মওকুফ করে মামলার নিষ্পত্তি করা হয়।

আদালতের রায় অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের মো. পারভেজ জামান গত ৮ ফেব্রুয়ারি প্রকৌশলী জাকির হোসেন সরকারের বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, সংসদীয় আসন-৭৭, কুষ্টিয়া-৩ এর আদালতে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের ১টি অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা করা হয়।

 

ওই রায়ে বলা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ অন্যান্য নির্বাচনি এলাকায় সরেজমিনে পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, সংসদীয় আসন-৭৭, কুষ্টিয়া-৩ এর বিচারক ও যুগ্ম দায়রা জজ মো. আরিফুল ইসলামের আদালত।

ওই আদালত পরিচালনাকালে প্রকৌশলী জাকির হোসেন সরকারের নিযুক্ত আইনজীবী মো. আব্দুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ভুল স্বীকার করেন। আগামীতে ভুল করবেন এবং নির্বাচনি আচরণবিধি মেনে চলার আশ্বাস দেন।

মামলার রায়ে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫-এ উল্লিখিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ জামান বলেন, রায়ের কপি আমি এখনো হাতে পাইনি। তবে প্রার্থীর কাছ থেকে এ বিষয়ে শুনেছি। রায়ের কপি হাতে পেলে পড়ে বুঝতে পারব এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, এ বিষয়টা সঙ্গে সঙ্গেই নিষ্পত্তি হয়ে গেছে। আমরা জরিমানা পরিশোধ করে দিয়েছি। পরে বিলবোর্ডও অপসারণ করে নিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।