ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভূঁইয়া।
এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভূঁইয়া জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।
রাত ১১টা ৩০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।
কুয়াশা কেটে গেলে বুধবার (৩ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় কিছু যানবাহন রয়েছে। দ্রুতই অপেক্ষায় থাকা এসব যানবাহন পার হয়ে যাবে বলে তিনি জানান।





