Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

admin • 12 Jul 2025, 09:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গিয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) থেকে তার এই ছুটি কার্যকর হয়েছে। তার অনুপস্থিতিতে ডব্লিউএইচও-এর সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে দায়িত্ব পালন করবেন। ড. বোহমে আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত সিয়ারো কার্যালয়ে যোগ দেবেন।

এই ছুটির ঘোষণা এসেছে এমন এক সময়, যখন সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে। মামলায় তার বিরুদ্ধে মিথ্যা শিক্ষাগত যোগ্যতা উপস্থাপন, জাল কাগজপত্র ব্যবহার, এবং সুচনা ফাউন্ডেশনের জন্য প্রভাব খাটিয়ে বড় অঙ্কের অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।

দুদকের তদন্তে উঠে এসেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার যে দাবি সায়মা ওয়াজেদ করেছিলেন, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এছাড়া, বাংলাদেশ দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সায়মা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি সিয়ারো অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে শুরু থেকেই তার নিয়োগকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়। সমালোচকদের দাবি, তার নিয়োগে প্রভাব খাটানো হয়েছে এবং বিষয়টি রাজনৈতিক প্রভাবের ফল।

মামলার পর থেকে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ফিরে এলে তাকে গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে।

তথ্যসূত্র: হেলথ পলিসি ওয়াচ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।