গাইবান্ধা সদর হাসপাতালে রোগীদের জন্য সরবরাহকৃত সকালের নাস্তার ডিমে বাচ্চার অস্তিত্ব পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিনের মতো সকালে রোগীদের জন্য ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এরকম একটি ঘটনা ঘটেছে।
রোগীদের অভিযোগ, নাস্তার সঙ্গে দেওয়া ডিম থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, যা পচা হওয়ায় কেউই তা খেতে পারেনি। এমনকি অনেক ডিমে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে। একই সঙ্গে পাউরুটিতেও ছত্রাকজনিত ময়লা পাওয়া গেছে বলে জানান তারা। এ ধরনের নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার নিয়মিত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন একাধিক রোগী ও তাদের স্বজনরা।
ভুক্তভোগীরা বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে এমন নোংরা ও অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হওয়া অত্যন্ত দুঃখজনক। এতে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তারা দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।





