সিরাজগঞ্জের সলঙ্গায় বাবা ইদ্রিস আলীকে হত্যার অপরাধে তার ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাবুই এই হত্যা মামলার বাদী ছিলেন। রবিবার (১৪ই সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।
এই রায়ে অপর দুই আসামি, নিহত ইদ্রিস আলীর স্ত্রী রেনুকা বেগম এবং ছেলে লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৪ই মার্চ দুপুরে সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুর থেকে ইদ্রিস আলীর লাশ উদ্ধার করা হয়। তার গলা ও পায়ে দড়ি প্যাঁচানো ছিল। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঐদিনই নিহত ব্যক্তির ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ৩রা মার্চ রাতে তার বাবা ইদ্রিস আলী ও মা রেনুকা বেগম কৈমাঝুরিয়া গ্রামের বাড়িতে এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে তার মায়ের ঘুম ভাঙলে তিনি দেখেন ইদ্রিস আলী ঘরে নেই এবং ঘরের দরজা খোলা। তখন তিনি ছেলে ও ছেলের বউকে ডেকে তুলেও অনেক খোঁজাখুঁজি করে ইদ্রিস আলীকে খুঁজে পাননি।
পরবর্তীতে পুলিশি তদন্তে বেরিয়ে আসে যে, মামলার বাদী রেজাউল করিম লাবুই তার বাবাকে হত্যা করেছেন। আদালতে দেওয়া তার ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন। ডিবিসি/এনএসএফ





